আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গতকাল মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর) পাকিস্তানে শিয়া হত্যার ধারাবাহিকতায় ইমাম রেজা (আ.) এর যায়েরদেরকে (যেয়ারতকারী) বহনকারী একটি বাস কোয়েটা শহর হতে ইরানের দিকে আসার সময় মোস্তোঙ্গ শহরের পার্শ্ববর্তী ‘লাকপাস’ অঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী লাশকারে ঝাঙ্গাভী দলের সন্ত্রাসীদের হামলার শিকার হয়। উক্ত হামলায় ৩০ জন যায়ের শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হাসপাতালে স্থানান্তরিত অধিকাংশ আহতদের অবস্থা আশংকাজনক, জরুরী ভিত্তিতে চিকিত্সা সেবা না দেয়া হলে শহীদদের সংখ্যা বাড়তে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
কোয়েটা হতে আমাদের প্রতিবেদক জানিয়েছে যে, নিষিদ্ধ লাশকারে ঝাঙ্গাভী টেলিফোনের মাধ্যমে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
অপরদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘রাহমান মালেক’ –যে পাকিস্তানে মিথ্যাবাদী ও ভিত্তিহীন অবস্থান গ্রহণে প্রসিদ্ধ- এ হামলার প্রতিক্রিয়ায় হাইওয়ে’তে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পর লজ্জিত না হয়ে বলেছে যে, যে সকল শিয়ারা কোয়েটা হতে সীমান্তবর্তী শহর তাফতান ও ইরানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল তাদের উচিত ছিল পুলিশ ও সীমান্তরক্ষী সৈন্যদেরকে এ বিষয়ে অবগত করা।
উল্লেখ্য, সন্ত্রাসীরা যায়েরদের বহনকারী উক্ত বাসকে লাকপাস –যেটা কোয়েটা শহরের প্রবেশ মুখ এবং সীমান্তরক্ষী বাহিনী, গোয়েন্দা বাহিনী এবং পুলিশ বাহিনী’র সদস্যদের অবস্থানের স্থান- অঞ্চলে দাঁড় করিয়ে ৩০ মিনিট যাবত অসহায় যায়েরদের উপর হামলা চালাতে থাকে। অতঃপর তাদের সকলের শাহাদতের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তারা উক্ত স্থান ত্যাগ করে। সন্ত্রাসীরা এত দীর্ঘ সময় যাবত হামলা চালালেও কোন সরকারী সৈন্য বা পুলিশ নিরাপরাধ শিয়াদের সাহার্যার্থে এগিয়ে আসেনি।
অপরদিকে সরকারী অন্যান্য কর্মকর্তা সর্বদার ন্যায় এ হামলার নিন্দা জানিয়েছেন। এছাড়া মজলিশে ওয়াহদাতে মুসলিমীন, জাফারিয়া জোট, শিয়া ওলামা পরিষদ, শিয়া কনফ্রান্স, ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন ইত্যাদী সংস্থা এ কাপুরুষোচীত হামলার নিন্দা জানিয়ে বালুচিস্তান রাজ্যের মুখ্যমন্ত্রী ‘নওয়াব মুহাম্মাদ আসলাম রাঈসানী’র পদত্যাগ দাবী করেছে।
মজলিশে ওয়াহাদাতে মুসলিমীন এবং অন্যান্য শিয়া সংগঠন এ মর্মান্তিক ঘটনার জন্য ৩ দিন সাধারণ শোকের ঘোষণা দিয়েছে।
প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের শিয়ারা এ ঘটনায় ক্ষুব্ধ। শিয়া নেতাদের কর্তৃক প্রকাশিত বিভিন্ন বিবৃতিতে বলেছেন যে, বালুচিস্তান সরকার মার্কিন ও জায়নবাদীদের ভাড়াটেদের হাতে হাত মিলিয়ে শিয়াদেরকে হত্যার ক্ষেত্রে সাহায্য করছে। যখন শিয়ারা সন্ত্রাসীদের হামলার শিকার হয়, তখন সরকার সন্ত্রাসীদেরকে ধাওয়া ও গ্রেপ্তার না করে শিয়া যুবকদেরকে গ্রেপ্তার করে অমানবিক শাস্তি দেয় এবং এহেন আচরণের মাধ্যমে সরকার অনায়াসে সন্ত্রাসীদেরকে শিয়া হত্যা, শিয়াদের ধর্মীয় অনুষ্ঠানে হামলা, শিয়া মাযহাবের অনুসারী সরকারী কর্মকর্তা, সামরিক ও নিরাপত্তা বাহিনী’র কর্মকর্তাদেরকে হত্যার অনুমতি দিয়ে থাকে।
শিয়া নেতাগণ বলেছেন: বালুচিস্তানের মুখ্যমন্ত্রী মুহাম্মাদ আসলাম রাজ্য চালানোর ক্ষেত্রে তার অক্ষমতাকে প্রমাণ করেছেন, সে এ পদের জন্য অযোগ্য। সুতরাং তার উচিত অনতি বিলম্বে নিজের পদ হতে পদত্যাগ করা।
বলাবাহুল্য, সন্ত্রাসীরা চলতি বছরের ২৭শে জুলাই শিয়া যায়েরদের উপর হামলা চালিয়েছিল। উক্ত হামলায় ৭ জন যায়ের শাহাদত বরণ করে। উক্ত হামলায় অংশগ্রহণকারীরা বিগত ৭ বছরের বিভিন্ন হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের ন্যায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এমনকি তাদের গ্রেপ্তারের ব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপও সরকার গ্রহণ করেনি।
অপর এক প্রতিবেদনে বলা হয়েছে যে, হামলার শিকার যায়েরদের সাহায্যার্থে এগিয়ে আসা যুবকরাও গতকাল সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। উক্ত হামলায় ৩ জন শিয়া যুবক আহত হয়। যুবকদের উপর উক্ত হামলা হতে স্পষ্ট হয়েছে যে, সন্ত্রাসীরা কোয়েটা শহরের উপর আধিপত্ব বিস্তার করেছে এবং তারা হামলা চালানোর পর পলায়ন না করে নির্দিধায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারে।#